৯ নভেম্বর ২০১৫ - ০০:৩৪
তালেবানের দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ৮০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চল অধ্যুষিত দুই তালেবান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আবনা ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চল অধ্যুষিত দুই তালেবান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, রোববার দুগ্রুপের এ আন্তঃসংঘর্ষে ৮০ জন তালেবান নিহত হয়েছে। খবর এএফপির।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জাবুল প্রদেশে তালেবান নেতা মোল্লা আখতার মানছুর ও তার অনুসারী মানসুর দাদুল্লাহের গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
এদিকে মানসুর দাদুল্লাহর গ্রুপকে তালেবানের অন্য এক উপদল নেতা মোহাম্মদ রাসুল তার সমর্থিত দল বলে দাবি করছে।
এদিকে কাবুলের ডেপুটি পুলিশ প্রধান গোলাম জিলানি ফারাহি বলেন, কাবুলের খাকি আফগান ও আবঘানদাদ জেলায় শনিবার সকালে তালেবান দুগ্রুপের সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে মোল্লা মানসুর গ্রুপের ২০ জন এবং মানসুর দাদুল্লাহ গ্রুপের ৬০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানান জিলানি। এছাড়াও অন্য ৩০ জন জঙ্গি আহত হয়েছে বলে জানান তিনি।
এ সংঘর্ষ সংঘটিত হওয়া জেলা দুটি অনেক দিন ধরে তালেবানদের দখলে রয়েছে। কাবুলের গভর্নর মুখপাত্র ইসলাম গুল সেয়াল এ আন্তঃসংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, মানসুর দাদুল্লাহ গ্র“পের বেশি জঙ্গি নিহত হয়েছে। তাছাড়া উজবেকিস্তান থেকে আসা বিদেশী জঙ্গিরাও নিহত হয়েছে। তালেবানদের মধ্যে এ সংঘর্ষ এখন চলছে বলে জানান সেয়াল।
আফগানিস্তানের নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, দুদলের সুসজ্জিত ভারি অস্ত্র ও গোলাবারুদ নিয়ে একে অপরকে হামলা করতে থাকে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের দখলদারিত্ব নিয়ে এ সংঘর্ষ সংঘটিত হয়েছে বলে জানায় স্থানীয় নিরাপত্তা সংস্থা।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে তালেবানের দীর্ঘমেয়াদি নেতা মোল্লা ওমর নিহত হওয়ার খবর প্রকাশিত হলে তালেবান বিভিন্ন গ্রুপে বিভক্ত হতে থাকে।#